স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। আগামীকাল রোববার নিউ জার্সির ফাইনালে বিরতি হবে মাত্র ১৭ মিনিট।
অর্থাৎ ফুটবলের প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের সাথে ফাইনালে যোগ হচ্ছে অতিরিক্ত মাত্র দুই মিনিট। ফিফা ইতোমধ্যেই স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফাইনালের বিরতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফাইনালের বিরতি কেউ ২৫ মিনিট, কেউ ৩০ মিনিটও দাবি করে। তবে তার কোনোটাই সত্যি হচ্ছে না।
ফিফা জানিয়েছে, এই ১৭ মিনিটের বিরতির মাঝে ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সঙ্গীতানুষ্ঠান। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিখ্যাত শিল্পীরা।
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় হাফটাইম শো হলেও, ম্যাচের সময়সূচি যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছে ফিফা। তাই মাত্র ১১ মিনিট সময় পাবেন পারফর্মাররা।
অবশ্য ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান, যেখানে অংশ নিতে পারেন রবি উইলিয়ামস, টম ক্রুজ ও নিকোল শেরজিঙ্গার। থাকবেন হলিউডের আরো অনেক পরিচিত মুখ।
বাকি প্রায় ৬ মিনিটে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজ শেষ করা হবে। একইসাথে মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজও এই সময়েই সম্পন্ন করা হবে। অর্থাৎ বেশ চ্যালেঞ্জিং পদক্ষেপ নিয়েছে ফিফা।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির ছিল বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে স্পেনের পক্ষ থেকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
ফিফা আরো জানিয়েছে, ম্যাচের হাইড্রেশন ব্রেকের নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে যেভাবে প্রতি অর্ধে একটি করে—মোট দুইটি—পানি পানের বিরতি রাখা হয়েছে, ফাইনালেও একই নিয়ম কার্যকর থাকবে।
সব মিলিয়ে, মাঠের উত্তেজনা ও বিনোদনের মাঝে ভারসাম্য রেখেই বিশ্বকাপ ফাইনালের হাফটাইমকে সীমাবদ্ধ রাখা হচ্ছে ১৭ মিনিটে। এতে দর্শকরা যেমন পরিবেশনা উপভোগ করবেন, তেমনি দীর্ঘ বিরতির কারণে ম্যাচের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না।



