বুধবার (৪ মার্চ) ব্রাইটনের মাঠে ১-০ গোলে জয়ী হয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে আর্সেনাল। একই রাতে নটিংহ্যাম ফরেস্টের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের সাথে ম্যান সিটির ব্যবধান বেড়ে দাঁড়াল ৭ পয়েন্ট।
২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার পথে এগিয়ে থাকা আর্সেনাল ব্রাইটনের অ্যামেক্স স্টেডিয়ামে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায়। নিজের ৩০০তম ম্যাচে গোল করেন বুকায়ো সাকা। তার শটটি কার্লোস বালেবার গায়ে লেগে দিক বদল হয়ে গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের পায়ের ফাঁক দিয়ে জালে ঢুকে যায়।
ব্রাইটন বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের রক্ষণভাগ ছিল অপ্রতিরোধ্য। গানার্স বস মিকেল আর্তেতা বলেন, ‘গত কয়েক সপ্তাহের পর এটি খুব কঠিন ম্যাচ ছিল। ছেলেরা অসাধারণ পরিশ্রম করেছে।’
অন্যদিকে, এক ম্যাচ কম খেলা সিটি দু’বার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি। জানুয়ারিতে দলে যোগ দেয়া আঁতোয়ান সেমেনিও প্রথমার্ধে সিটিকে এগিয়ে নেন। কিন্তু মর্গান গিবস-হোয়াইট ৫৬ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান।
ছয় মিনিট পর রায়ান আইত-নুরির কর্নার থেকে রদ্রি হেডে আবার সিটিকে এগিয়ে দিলেও এলিয়ট অ্যান্ডারসনের দুর্দান্ত ফিনিশে ফরেস্ট সমতা ফেরায়। সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি। আমরা পরের ম্যাচ নিয়েই ভাবছি।’
সূত্র : বাসস


