বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিমের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
মঙ্গলবার এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শিউলি আজিমের মাতা বাসনা আজিমের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। সন্তানের জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান অনস্বীকার্য। শিউলি আজিমকে দেশের একজন শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে গড়ে তোলার পেছনে তার মায়ের ত্যাগ ও অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, মাতৃবিয়োগের এই কঠিন সময়ে শিউলি আজিম ও তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার মতো শক্তি যেন মহান আল্লাহ তায়ালা তাদের দান করেন।
শিউলির এই গভীর দুঃসময়ে দেশের ক্রীড়াঙ্গন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পরিবারের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
সূত্র : বাসস



