রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। সব ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতেই স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তি নবায়ন হয়েছে এই ব্রাজিলিয়ান তারকার।
সম্প্রতি ভিনিসিয়াসকে ঘিরে আর্সেনালে যোগ দেয়ার জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। কারণ তার আগের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল মাত্র এক বছর। তবে প্রায় ১৮ মাসের আলোচনার পর শেষ পর্যন্ত দু’পক্ষ নতুন চুক্তিতে একমত হয়েছে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ক্লাব ও ভিনির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ও তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের হয়ে খেলবেন।
২০১৮ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও পরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি।
এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি জিতেছেন ২টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা এবং ১টি কোপা দেল রে শিরোপা।
বিশ্বকাপ শেষে গত সোমবার প্রাক-মৌসুমের অনুশীলন ও মেডিক্যাল পরীক্ষার জন্য রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস। এরপরই নতুন চুক্তির ঘোষণা আসে।
এদিকে ভিনিসিয়াসের চুক্তি নবায়নের দিনেই দলবদলের বাজারেও বড় চমক দেখিয়েছে রিয়াল। লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। যার সম্ভাব্য ট্রান্সফার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা।
নতুন কোচ জোসে মরিনহোর অধীনে এটি রিয়ালের চলতি মৌসুমের ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে টেনেছে স্প্যানিশ জায়ান্টরা।
এছাড়া ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে রিয়াল। তবে এই দৌড়ে তাদের বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। হতাশাময় দু’টি মৌসুমের পর ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।



