ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের প্রস্তুতি উয়েফার

উয়েফার দাবি, প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যায়নে এফএফইর ২০ শতাংশ অংশ বিক্রির প্রস্তাবটি যথাযথভাবে যাচাই করা হয়নি এবং এর মূল্যায়ন ছিল অস্বাভাবিকভাবে কম। সংস্থাটির অভিযোগ, পরিকল্পনাটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়নি এবং ফিফার সংশ্লিষ্ট শাসন কাঠামোকেও পাশ কাটানো হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির ব্যর্থ পরিকল্পনা ঘিরে সম্ভাব্য ‘অপরাধমূলক অব্যবস্থাপনা’র অভিযোগেই আইনি পথে এগোচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিষয়টি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে উয়েফার আইনজীবীদের দাখিল করা নথির মাধ্যমে। সেখানে বলা হয়েছে, সম্ভাব্য সুইস মামলার প্রস্তুতির অংশ হিসেবে ফিফার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নথি ও তথ্য সংগ্রহ করতে আদালতের সহায়তা চাইছে উয়েফা।

বিতর্কের কেন্দ্রে ছিল ফিফার প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)। এই পরিকল্পনায় ফিফার বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অধিকার নতুন একটি প্রতিষ্ঠানের অধীনে নেয়া এবং এর প্রায় ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল।

উয়েফার দাবি, প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যায়নে এফএফইর ২০ শতাংশ অংশ বিক্রির প্রস্তাবটি যথাযথভাবে যাচাই করা হয়নি এবং এর মূল্যায়ন ছিল অস্বাভাবিকভাবে কম। সংস্থাটির অভিযোগ, পরিকল্পনাটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়নি এবং ফিফার সংশ্লিষ্ট শাসন কাঠামোকেও পাশ কাটানো হয়েছিল।

এই পরিকল্পনার সম্ভাব্য প্রধান বিনিয়োগকারীদের একজন ছিলেন থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার। উয়েফা এখন কুশনারের প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকেও নথি সংগ্রহের চেষ্টা করছে। তবে কুশনার বা থ্রাইভ ক্যাপিটালের বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ আনার কথা বলা হয়নি।

মূলত পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ফুটবলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। উয়েফা এর নেতৃত্বে ফিফার পরিকল্পনার বিরোধিতা করে ও একপর্যায়ে ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকিও দেয়। ব্যাপক চাপের মুখে ১ আগস্ট এফএফই পরিকল্পনা বাতিল করা হয়।

পরিকল্পনা বাতিলের পরও বিষয়টি সেখানেই থামছে না। উয়েফা এখন সম্ভাব্য ফৌজদারি অভিযোগের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। ফলে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির সেই ব্যর্থ উদ্যোগ এবার ফিফা ও উয়েফার মধ্যে আরো বড় আইনি সঙ্ঘাতের দিকে গড়াতে পারে।