বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
শুধু মাঠের উত্তেজনাই নয়, বাজারমূল্যের হিসাবেও এটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সেমিফাইনাল। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩.২১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৯ হাজার কোটি টাকারও বেশি।
বাজারমূল্যে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলটির স্কোয়াডের মোট মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার বা প্রায় ২১ হাজার ৭০০ কোটি টাকা। অন্যদিকে স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার, যা প্রায় ১৭ হাজার ৪৫০ কোটি টাকা।
দুই দলে রয়েছেন বিশ্বের সবচেয়ে দামি কয়েকজন ফুটবলার। স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামালের মূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৮৫০ কোটি টাকা । অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৫৬০ কোটি টাকা।
এ ছাড়া ফ্রান্সের মাইকেল অলিসে ও স্পেনের পেদ্রি- দু'জনেরই বাজারমূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই হাজার ১৩৫ কোটি টাকা।
কাগজে-কলমে বাজারমূল্যে ফ্রান্স এগিয়ে থাকলেও, বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে এসব পরিসংখ্যানের কোনো মূল্য নেই। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই নামবে নিজেদের সেরাটা নিয়ে। তাই ফুটবলপ্রেমীদের চোখ এখন নিউ জার্সির সেমিফাইনালের দিকেই।
ফ্রান্স-স্পেন লড়াই : ৩৯ হাজার কোটি টাকার সেমিফাইনাল
বাজারমূল্যে এগিয়ে রয়েছে ফ্রান্স। দলটির স্কোয়াডের মোট মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার বা প্রায় ২১ হাজার ৭০০ কোটি টাকা। অন্যদিকে স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার, যা প্রায় ১৭ হাজার ৪৫০ কোটি টাকা।



