বিশ্বকাপের ব্যর্থ একাদশে রোনালদো!

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে ব্যর্থ তারকাদের নিয়ে ব্লিচার রিপোর্টের ‘ফ্লপ একাদশে’ অধিনায়ক রোনালদো ও কোচ রবার্তো মার্টিনেজ নির্বাচিত।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো |সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ যেমন নতুন তারকাদের উত্থানের গল্প লিখেছে, তেমনি অনেক প্রতিষ্ঠিত তারকার জন্য হয়ে উঠেছে হতাশার মঞ্চ। প্রত্যাশার ভার সামলাতে ব্যর্থ হওয়া এমন ১১ ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের ‘ফ্লপ একাদশ’ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ব্লিচার রিপোর্ট।

সবচেয়ে বড় চমক, এই একাদশের অধিনায়ক করা হয়েছে পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর কোচ হিসেবে রাখা হয়েছে পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজকে, যার অধীনে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল।

গোলপোস্টের নিচে জায়গা পেয়েছেন জার্মান কিংবদন্তি ম্যানুয়েল ন্যয়ার। অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেও বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। কুরাসাও ও আইভরি কোস্টের বিপক্ষে গোল হজম এবং কয়েকটি ভুল সিদ্ধান্ত জার্মানির ভোগান্তি বাড়ায়।

রক্ষণভাগে আছেন ইংল্যান্ডের রিস জেমস, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালেস, জার্মানির জোনাথন তাহ ও ফ্রান্সের লুকাস দিগনে। টুর্নামেন্টে দলের জন্য কেউ আশীর্বাদ হতে পারেননি।

মিডফিল্ডে জায়গা হয়েছে উরুগুয়ের ফেদে ভালভের্দে, পর্তুগালের ভিতিনহা ও জার্মানির লেরয় সানে। ক্লাব ফুটবলের ছন্দ বিশ্বকাপে ধরে রাখতে পারেননি তারা কেউই। বিশেষ করে ভিতিনহা পিএসজির পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেননি, আর সানে সুযোগ পেয়েও আক্রমণে কার্যকর হতে ব্যর্থ হন।

আক্রমণভাগে রয়েছেন আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে, ইংল্যান্ডের ননি মাদুয়েকে এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। দিওমান্দে পরিশ্রম করলেও গোলের সামনে ছিলেন নিষ্প্রভ। মাদুয়েকে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

সবচেয়ে বেশি আলোচনা অবশ্য রোনালদোকে নিয়েই। গোটা পর্তুগাল দল তার ওপর নির্ভর করলেও তিনি করেন মাত্র ৩ গোল।

ব্লিচার রিপোর্টের বিশ্বকাপ ফ্লপ একাদশ

গোলরক্ষক : ম্যানুয়েল ন্যয়ার

ডিফেন্ডার : রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালেস, জোনাথন তাহ, লুকাস দিগনে

মিডফিল্ডার : ফেদে ভালভের্দে, ভিতিনহা, লেরয় সানে

ফরোয়ার্ড : ইয়ান দিওমান্দে, ননি মাদুয়েকে, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক)

কোচ : রবার্তো মার্টিনেজ।