২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ভালোভাবেই পাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া।
শেষ ষোলোর ম্যাচে আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে ব্রাজিল। তবে তাদের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিতব্য আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হবে। ফলে ওই ম্যাচের ফলের দিকেই এখন তাকিয়ে আছে ব্রাজিলিয়ান সমর্থকেরা।
শেষ ষোলোতে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড বিদায় নিলে সেক্ষেত্রে মেক্সিকো, ইকুয়েডর অথবা ডিআর কঙ্গো—এই তিন দলের যেকোনো একটি ব্রাজিলের সামনে আসতে পারে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মহারণের সম্ভাবনাও রয়েছে। সেই সম্ভাব্য লাতিন আমেরিকান দ্বৈরথ ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে আলোচনায় এসেছে।
তবে তার আগে শেষ ষোলোর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্রাজিলকে। আইভরি কোস্ট কিংবা নরওয়ে—যেই প্রতিপক্ষই আসুক, কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।



