দক্ষিণ এশিয়ার ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে আজ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি দুই দলের জন্য কেবল আনুষ্ঠানিকতার হলেও উত্তেজনা মোটেও কমেনি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া সত্ত্বেও এই দুই দলের লড়াই সমর্থকদের মাঝে তৈরি করেছে বাড়তি উন্মাদনা। এই ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম, ফুটবলপাড়ায় চলছে বিশ্লেষণ আর আলোচনা।
জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ম্যাচটা ঘিরে এতো আগ্রহ সবার মাঝে যে সাধারণ সমর্থকদের জন্য নির্ধারিত ১৮ শ’ টিকেট ছাড়ার মাত্র ৪-৫ মিনিটেই তা ফুরিয়ে যায়।
ফলে মাঠে বসে খেলা দেখার সুযোগ হচ্ছে না অধিকাংশ সমর্থকেরই। তবে বিটিভি, টি-স্পোর্টসের পাশাপাশি অনলাইনেও ম্যাচটি সরাসরি উপভোগের সুযোগ রয়েছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে বঙ্গবিডিতে দেখা যাবে খেলা।
তবে ভারতে কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটির সম্প্রচার হচ্ছে না। তবে ফ্যানকোড (FanCode) অ্যাপ ও ওয়েবসাইটে এ ম্যাচটি দেখা যাবে। এছাড়া লাইভ স্কোর জানার জন্য আছে অলফুটবল ও সোফাস্কোরের মতো অ্যাপ।



