এমিলিয়ানো মার্টিনেজ

বাংলাদেশকে আমি ভালোবাসি, তারা সবাই কোনো না কোনোভাবে আর্জেন্টাইন

মার্টিনেজের সাম্প্রতিক মন্তব্যে আবারো স্পষ্ট হলো, বাংলাদেশী সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়; আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মনেও তা গভীর ছাপ রেখে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
কাতারে শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ
কাতারে শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ |সংগৃহীত

‘বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’— জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে এমন মন্তব্য করে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপের গ্রুপপর্বে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান মার্টিনেজ।

বাংলাদেশের সমর্থকদের আবেগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও টুর্নামেন্ট ঘিরে এ দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা বিশ্বজুড়েই আলোচিত। বিশেষ করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি বাংলাদেশী সমর্থকদের আবেগ আন্তর্জাতিক গণমাধ্যমেও বহুবার উঠে এসেছে। ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থন নিয়ে প্রশংসা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও।

কাতার বিশ্বকাপ জয়ের এক বছর পর, ২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। সে সময় বিমানবন্দর থেকে শুরু করে পুরো সফরজুড়ে লাখো ভক্তের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখার সুযোগ হয় তার। সেই স্মৃতি এখনো ভোলেননি এই তারকা গোলরক্ষক।

মার্টিনেজের সাম্প্রতিক মন্তব্যে আবারো স্পষ্ট হলো, বাংলাদেশী সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়; আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের মনেও তা গভীর ছাপ রেখে গেছে।