বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে এক বছরের জন্য ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
ফারহানের নতুন ঠিকানা বদলের খবর নিশ্চিত করেছে ফুলহ্যাম। ক্লাবটির হয়ে বয়সভিত্তিক ফুটবলে নজর কাড়া পারফরম্যান্সের পর এবার সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ।
ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান তিনি। বয়সভিত্তিক দলের হয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন, পিএলটু-এর এক মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
ফুলহ্যামের মূল দলের সাথে ইতোমধ্যে অনুশীলন ও প্রাক-মৌসুম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে প্রথমবার সিনিয়র দলের হয়ে মাঠে নামেন তিনি। এরপর আল-আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেছেন।
ফুলহ্যামের মূল দলে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও আপাতত নিয়মিত খেলার সুযোগ পেতেই ধারে বোরহ্যাম উডে যাচ্ছেন ফারহান। সেখানে ইংল্যান্ডের জাতীয় পর্যায়ের ফুটবলে নিজেকে আরো পরিণত করার সুযোগ পাবেন তিনি।
তবে ফারহানের এই পথচলায় বাংলাদেশের জন্যও রয়েছে আলাদা আগ্রহ। বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফারহান যদি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, তাহলে ইউরোপের ফুটবলে বেড়ে ওঠা এই তরুণকে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে।
বাংলাদেশের ফুটবলে যেখানে আন্তর্জাতিক মানের প্রতিভার ঘাটতি দীর্ঘদিনের, সেখানে ফুলহ্যামের মতো ক্লাবে বেড়ে ওঠা ফারহান তাই ভবিষ্যতের জন্য হতে পারেন বিশেষ এক সম্ভাবনার নাম।



