২৪ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে তুরস্ক

মঙ্গলবার কসোভোর রাজধানী প্রিস্টিনায় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো তুরস্ক।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তুরস্ক, লিখেছিল রূপকথার গল্প। এরপর ২৪ বছর আর পাঁচটি বিশ্বকাপ চলে গেলেও গ্রেটেস্ট শো অন আর্থের মূলপর্বেই উঠতে পারছিল না দলটা।

অবশেষে অবসান ঘটল সেই অপেক্ষার। মঙ্গলবার কসোভোর রাজধানী প্রিস্টিনায় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো তুরস্ক।

২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে তারা। যেখনে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দলটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ এগিয়ে থাকা তুরস্ক ম্যাচের শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামে। তবে ঘরের মাঠে সমানে সমান লড়াই চালিয়েছে কসোভো। বাড়িয়ে গেছে উত্তেজনা।

তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি। ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৩তম মিনিটে। কেরেম আকতারকোগ্লুর গোলে এগিয়ে যায় তুরস্ক। শেষ পর্যন্ত এই একমাত্র গোলেই এসেছে জয়।