বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটা নিয়েই হয়তো মধ্যাহ্নবিরতিতে যেতে পারতেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু তার ১টা গোল বাতিল হয়েছে ভিএআর যাচাইয়ে। তবে জোড়া গোল করে আলো কেড়ে নিয়েছেন তিনি।
মায়ামি স্টেডিয়ামে বুধবার রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এখন পর্যন্ত দারুণ খেলছে তারা। ২-০ গোলে এগিয়ে থেকে গেছে বিরতিতে।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ব্রাজিলকে পথ দেখাচ্ছেন ভিনিসিউস। টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। তার গোলে স্কটিশদের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল।
ম্যাচের ৭ মিনিটে ম্যাককেনার বিপদ এড়াতে বল দূরে ক্লিয়ার করতে গেলে তার পাস ব্লক করেন রায়ান। বল চলে যায় ভিনির কাছে। বল পেয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।
২২ মিনিটে স্কটল্যান্ডের জালে আরো একবার বল পাঠান ভিনিসিউস। বুদ্ধিদীপ্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। কিন্তু ভিএআর যাচাইয়ে গোলটি বাতিল করেন রেফারি।
গোলের আগে হেন্ড্রিকে ফাউল করায় বাতিল করা হয় গোলটি। ফলে স্কোর ২-০ করতে সেলেসাওদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। যোগ করা সময়ের ৩য় মিনিটে ফের উপলক্ষ এনে দেন ভিনি।
ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা। গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নিজ ভঙ্গিতে একটু নেচে নেন ভিনি। গ্যালারিতে স্বস্তিতে উল্লাস করছে সেলেসাও সমর্থকেরা।
এরপর বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে অবশ্য গোল না পেলেও ভালো খেলেছে স্কটল্যান্ডও। তবে জালের দেখা পায়নি। নিতে পারেনি লক্ষ্যে কোনো শট।



