ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এই ঐতিহাসিক সাফল্যের পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপ জয়ের পর আবারো বিশ্বকাপের ফাইনালে উঠেছি। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। কেউ সেটা পছন্দ করুক বা না-ই করুক, কিংবা যা-ই বলুক না কেন—বাস্তবতা এটাই।’
তিনি আরো বলেন, ‘আজ আবারো আমরা বিশ্বের সেরা দুই দলের একটি। এটিই প্রমাণ করে, আমরা যা কিছু অর্জন করেছি তা কোনো কাকতালীয় ঘটনা নয়, আর কেউ আমাদের কিছু উপহারও দেয়নি। প্রতিটি সাফল্য এসেছে কঠোর পরিশ্রম, ত্যাগ আর ধারাবাহিকতার মাধ্যমে।’
টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাকে বিশেষ অর্জন উল্লেখ করে মেসি বলেন, ‘এটি এমন একটি কীর্তি, যা খুব কম দলই করতে পারে। আমাদের এই দল সেটিই করে দেখিয়েছে। আমরা গর্বিত, কারণ এই সাফল্য আমাদের প্রাপ্য।’
মেসির এই মন্তব্যকে অনেকেই আর্জেন্টিনার সমালোচকদের উদ্দেশে স্পষ্ট জবাব হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরেই দলের সাফল্যকে ভাগ্য, অনুকূল ড্র কিংবা রেফারিংয়ের সুবিধার সাথে মিলিয়ে দেখার চেষ্টা হয়েছে।
তবে আর্জেন্টিনা অধিনায়কের ভাষ্য, টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে তাদের সাফল্যের ভিত্তি কেবল কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং মাঠের পারফরম্যান্স।



