রবার্তো মার্টিনেজ

রোনালদো ২০৩০ বিশ্বকাপেও খেলবেন

পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন তারা খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ ‘কে’-তে তাদের শেষ ম্যাচ ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |ফাইল ছবি

পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ৪৫ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদো ২০৩০ সালের বিশ্বকাপে খেলতে পারেন। এ নিয়ে কারো সন্দেহ করা উচিত নয়।

রোনালদো এবারের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্ব আসরে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

রোনালদো এখনেও অবসর নেয়ার কোনো ইঙ্গিত দেননি। ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবেন কি না- এমন প্রশ্নে স্প্যানিশ রেডিও কাডেনা এসইআর’কে মার্র্টিনেজ বলেন, এ নিয়ে কারো সন্দেহ করা উচিত নয়। তিনি সেটা অর্জন করেছেন।

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রোনালদোর। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বাধিক ম্যাচ (২২৬) ও সর্বাধিক গোলের (১৪৩) রেকর্ডধারী। এ ছাড়া ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনি পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করেছেন।

মার্টিনেজ বলেন, আমরা চাই পর্তুগালের সব তরুণ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মডেল অনুসরণ করুক, কারণ তিনি একজন আদর্শ।

৪১ বছর বয়সী রোনালদো এবারের বিশ্বকাপে যাচ্ছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। তার ২৮ গোলের অবদানে আল নাসর জিতেছে সৌদি পেশাদার লিগের শিরোপা।

২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম লিগ শিরোপা। তবে মার্টিনেজের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রোনালদোর মানসিকতা।

তিনি বলেন, আমরা, জাতীয় দলের কোচিং স্টাফ, একটি সিদ্ধান্তে পৌঁছেছি- ক্রিস্টিয়ানো রোনালদো কোনো নির্দিষ্ট দলীয় বা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলেন না। ক্রিস্টিয়ানোকে তার খাদ্যাভ্যাস দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, বরং তার ভেতরের ক্ষুধা দিয়েই তাকে বোঝা যায়। তিনি যা-ই জিতুন না কেন, পরদিনও নিজেকে উন্নত করার একই ক্ষুধা নিয়ে জেগে ওঠেন। আমি অনেক খেলোয়াড়ের সাথে কাজ করেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর পরদিনই সেই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনালদোর মধ্যে আমরা ভিন্ন ধরনের মানসিকতার উদাহরণ দেখি।

আমার বিশ্বাস, এই লক্ষ্যই তাকে এত দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে টিকে থাকতে সাহায্য করেছে। অবশ্যই এখানে জিনগত বিষয়ও আছে, তার কঠোর পরিশ্রম আছে- নিজের শরীরকে সাহায্য করতে পারে এমন সবকিছুই সে ব্যবহার করে, আর আছে তার মানসিকতা

পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন তারা খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ ‘কে’-তে তাদের শেষ ম্যাচ ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে।