ম্যানচেস্টার সিটির সাথে নতুন পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন জাসকো গাভারডিওল। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রোয়েশিয়ান এই তারকার সাথে আগের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাকি ছিল। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত তিনি সিটিতেই থাকবেন। সাথে আরো এক বছরের চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে।
সেন্ট্রাল ডিফেন্ডার গাভারডিওল ৭৭ মিলিয়ন পাউন্ডে আরবি লিপজিগ থেকে ২০২৩ সালে ইত্তিহাদ স্টেডিয়ামে আসার পর এ পর্যন্ত ১২২টি ম্যাচ খেলেছেন। ট্রান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাথে তার যোগাযোগের গুঞ্জন উঠেছিল।
২৪ বছর বয়সী গাভারডিওল এ সম্পর্কে বলেছেন, ‘যখনই আমি শুনেছি সিটি চুক্তি নবায়নে ইচ্ছুক, আমি আর দেরি করিনি। সরাসরি আমি তাদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছি।
এখানে আসার একেবারে প্রথম দিন থেকেই সিটির সমর্থকরা অবিশ্বাস্যভাবে আমাকে সহযোগিতা করেছে। এই ক্লাব খেলোয়াড়দের জন্য সবকিছু দিতে প্রস্তুত। বিশ্বের সেরা ক্লাব হিসেবে আমি সিটিকেই বিবেচনা করি।’
২০২৪ সালে সিটি জার্সিতে প্রিমিয়ার লিগ জয়ী গাভারডিওল সেন্টার ব্যাক ও লেফট ব্যাক উভয় পজিশনেই খেলতে পারেন। ভাঙ্গা পায়ের ইনজুরি কাটিয়ে চার মাস পর গত মে মাসে তিনি দলে ফিরেছেন।
ক্রোয়েশিয়ার হয়ে এবারের বিশ্বকাপেও তিনি খেলেছেন। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে এখন নিজেকে নতুনভাবে প্রমানের অপেক্ষায় রয়েছেন গাভারডিওল।
সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেছেন, ‘জাসকো এমন একজন খেলোয়াড় যার উপর ক্লাবের পুরো আস্থা আছে। সে বয়সে তরুণ এবং শতভাগ পেশাদার একজন খেলোয়াড়। ইতোমধ্যেই সে নিজেকে বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার হিসেবে প্রমাণ করেছেন।’
এর আগে সিটি ফিল ফোডেন ও আব্দুকোদির খুসানোভের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। সূত্র : বাসস



