মাঠে জাদুকরী ফুটবলের জন্য যেমন পরিচিত নেইমার জুনিয়র, তেমনি মাঠের বাইরেও মানবিক এক মানুষ তিনি। এবার আবারো আর্তমানবতার সেবায় দেখা মিলল তার। ভেনিজুয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা তিন কোটি আট লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।
নেইমারের এই অনুদান উদ্ধার অভিযান ও জরুরি মানবিক সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, অস্থায়ী আশ্রয় এবং জরুরি ত্রাণ কার্যক্রমে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানানো হয়।
গত সপ্তাহে, ভেনিজুয়ায় আঘাত হানে শক্তিশালী দু’টি ভূমিকম্প। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামো মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েন।
উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও ইতোমধ্যে উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং আর্থিক সহায়তা পাঠিয়েছে।
বিশ্বকাপে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচের আগে নেইমারের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।



