ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক বাংলাদেশী ফারহানের

ফারহানের ফুটবল যাত্রাও বেশ আকর্ষণীয়। মাত্র ১২ বছর বয়সে চেলসি একাডেমি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। এরপর বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করেন।

নয়া দিগন্ত অনলাইন
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হলো বাংলাদেশী ফারহানের
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হলো বাংলাদেশী ফারহানের |সংগৃহীত

দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে ফারহান আলী ওয়াহিদের। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ডের।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। মটস্পার পার্কে অনুষ্ঠিত ম্যাচে বিরতির পর ৪৬তম মিনিটে উইঙ্গার কেভিনের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

মূল দলে অভিষেকের পর খুব অল্প সময়েই নিজের সামর্থ্যের ঝলক দেখান তিনি। দূরপাল্লার একটি দারুণ বাঁকানো শট নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন।

যদিও ম্যাচটি ফুলহাম ২-০ গোলে হারে, তবু নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ফারহানের ৪৫ মিনিটের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে।

নতুন মৌসুম শুরুর আগে আরো চারটি প্রীতি ম্যাচ খেলবে ফুলহাম। ফলে মূল দলে নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ পাচ্ছেন এই বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার।

ফারহানের ফুটবল যাত্রাও বেশ আকর্ষণীয়। মাত্র ১২ বছর বয়সে চেলসি একাডেমি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। এরপর বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করেন।

অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন এই উইঙ্গার। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে তিনি নির্বাচিত হন প্রিমিয়ার লিগ টু-এর মাসসেরা ফুটবলার।

বাংলাদেশ ফুটবলের জন্যও ফারহানকে ঘিরে বাড়ছে আশা। লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের মূলধারার ফুটবলে আরেক বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারের উত্থান হিসেবে দেখা হচ্ছে তাকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ফারহানকে নিয়ে আশাবাদী। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম আগেই জানিয়েছেন, বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ফারহান। শিগগিরই তার বাংলাদেশী পাসপোর্টের জন্য বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে ইংল্যান্ডে বেড়ে ওঠা এই প্রতিভাবান তরুণকে।