বাঁ-হাঁটুর ইনজুরির কারণে ‘আই’ গ্রুপে ইরাকের বিপক্ষে সেনেগালের শেষ ম্যাচের আগে মাঠের বাইরে ছিটকে গেলেন দলের প্রধান গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি।
৩৪ বছর বয়সী মেন্ডির ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে সেনেগাল টিম ম্যানেজমেন্ট।
গত মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছিল সেনেগাল। ওই ম্যাচের ৬৩ মিনিটে হাঁটুর ইনজুরিতে পড়েন মেন্ডি। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ওই ম্যাচ ৩-২ গোলে হারে সেনেগাল।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরেছিল সেনেগাল। ফলে ২ ম্যাচ থেকে কোন পয়েন্ট অর্জন করতে পারেনি তারা। এই গ্রুপের আরেক দল ইরাকও ২ ম্যাচ থেকে কোনো জয় পায়নি। ২ ম্যাচ থেকে ২টি করে জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে নক আউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে।
ফিফার নিয়মনুযায়ী, সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নক আউট পর্বে যাবার সুযোগ আছে সেনেগালের।
এজন্য ইরাকের বিপক্ষে জিততেই হবে সেনেগালকে। আগামী ২৭ জুন ইরাকের মুখোমুখি হবে সেনেগাল।
নক আউট পর্বে উঠলেও মেন্ডিকে পাওয়া যাবে কিনা এই বিষয়ে কিছু জানায়নি সেনেগাল। দলের অধিনায়ক কালিডু কোলিবালি ইএসপিএনকে জানান, মেন্ডির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।



