রিয়াল মাদ্রিদের জার্সি তুলে রেখেছেন বছর দুয়েক হলো। তবে এখনো টনি ক্রুসকে মনে-প্রাণে ধারণ করে সান্তিয়াগো বার্নাব্যু। ফলে ফের জার্মানি কিংবদন্তিকে ফিরিয়ে আনছে লস ব্লাঙ্কোজরা।
তবে খেলোয়াড় হিসেবে নয়, স্প্যানিশ গণমাধ্যমের খবর- রিয়াল মাদ্রিদ তাদের সাবেক তারকা টনি ক্রুসকে ক্লাবের ম্যানেজমেন্ট বা প্রশাসনিক কোনো দায়িত্বে ফিরিয়ে আনতে চায়।
মাদ্রিদের ক্লাবের জার্সিতে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪৬৫ ম্যাচ ও ২০টিরও অধিক শিরোপা জেতা এই ফুটবলারের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ প্রশাসন।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানায়, ‘স্নাইপার’ খ্যাত টনি ক্রুসকে ক্লাবের উচ্চপদস্থ কোনো ভূমিকায় যুক্ত করার জন্য রিয়ালের অভ্যন্তরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
যদিও ক্রুসের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাঠানো হয়নি। তবে তাকে কোন পদে বসানো সবচেয়ে ভালো হবে, তা নিয়ে পরিকল্পনা শুরু করেছে মাদ্রিদ।
ক্রুস অবসরের পর মাদ্রিদের বোয়াদিয়া দেল মন্তে এলাকায় নিজের একটি ফুটবল একাডেমি চালু করেছেন। সেখানে তিনি শিশুদের কোচিং করান এবং সময় কাটান।
সম্প্রতি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ক্রুস তার একাডেমির দল নিয়ে রিয়াল মাদ্রিদের যুব দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেন। এবার হয়তো নতুন ভূমিকায় রিয়ালেই প্রত্যাবর্তন ঘটছে তার।



