ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালকে ঘিরে বাড়ছে উত্তেজনা। তারই অংশ হিসেবেই বিশেষভাবে তৈরি একটি লুই ভিটন ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে আনা হবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি।
বিশ্বকাপ ট্রফি বহনের জন্য তৈরি এই বিশেষ ট্রাঙ্কের নকশার দায়িত্ব এবারও পেয়েছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটন।
সাধারণত বিশ্বকাপের আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশেষ উপলক্ষে সেখান থেকে ট্রফিটি বের করে এই কাস্টম-ডিজাইন করা ট্রাঙ্কে বহন করা হয়।
ট্রাঙ্কটির সামনের অংশে সোনালি রঙের একটি ‘ভি’ অক্ষর ব্যবহার করা হয়েছে, যা ‘ভিক্টরি’ এবং ‘ভিটন’, উভয়কেই নির্দেশ করে। এর সাথে রয়েছে লুই ভিটনের পরিচিত মনোগ্রাম নকশা এবং সোনার প্রলেপ দেয়া পিতলের কর্নার প্রোটেক্টর।
ট্রাঙ্কটির ভেতরের অংশ বেইজ রঙের চামড়া দিয়ে মোড়ানো হয়েছে। পাশাপাশি লুই ভিটন ও ফিফার মধ্যকার অংশীদারিত্বের স্মারক হিসেবে এতে যুক্ত করা হয়েছে একটি বিশেষ প্যাচ।
উল্লেখ্য, লুই ভিটন এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফির জন্য বিশেষ ট্রাঙ্ক তৈরি করল। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপেও ট্রফি বহনের জন্য একই প্রতিষ্ঠানের তৈরি ট্রাঙ্ক ব্যবহার করা হয়েছিল।



