এক সময় মনে হচ্ছিল, বিশ্বকাপে ইংল্যান্ডের পথচলা বুঝি রাউন্ড অব ৩২-এই থেমে যাচ্ছে। ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে থ্রি লায়ন্সদের বিদায়ের শঙ্কা।
তবে শেষ ১৫ মিনিটে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে নাটকীয়ভাবে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে টমাস টুখেলের দল। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বস্তির হাসি ছিল টুখেলের মুখে। দলের জয়ের নায়ক হ্যারি কেইনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তবে আলোচনায় এনেছেন চলতি বিশ্বকাপের আরো তিন গোলমেশিনকে।
কথা বলেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে নিয়ে। আর এই চারজনের গোল করার সহজাত ক্ষমতার তুলনা টানতে গিয়ে টুখেল ব্যবহার করেন ব্যতিক্রমী এক উপমা। বলেন, ‘ওরা সবাই যেন রক্তখেকো হাঙর। মাঠে গোলের সামান্য সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে। হাঙর যেমন রক্তের গন্ধ পেলে শিকার করতে ছুটে যায়, ওদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমন।’
টুখেল বলেন, ‘এই বিশ্বকাপে বড় তারকারা যেন একে অপরকে ছাড় দিতে রাজি নয়। একজন গোল করলে আরেকজন হ্যাটট্রিক করছে। যা হচ্ছে, সত্যিই অবিশ্বাস্য।’
এরপর নিজের অধিনায়কের প্রশংসায় তিনি বলেন, ‘কেইন আমাদের নেতা। বড় ম্যাচে বড় খেলোয়াড়রাই পার্থক্য গড়ে দেয়, আজ সেটাই করেছে সে। ২টি গোলই ছিল দুর্দান্ত, তবে দ্বিতীয়টি ছিল একেবারে বিশ্বমানের। কঠিন মুহূর্তে সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা পাঁচে তুলেছেন কেইন। গোল্ডেন বুটের দৌড়ে এখন তিনি আর্লিং হালান্ডের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে- দু‘জনেরই গোল ছয়টি করে। গোল্ডেন বুটের জন্য লড়াইটাও চলছে এই চারজনের মাঝেই।



