বাংলাদেশকে র‍্যাঙ্কিংয়ে ১৬০-এর মাঝে নিতে চান থমাস ডুলি

নতুন কোচ থমাস ডুলি বাংলাদেশের ফুটবল দলকে ধাপে ধাপে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৬০-এর মধ্যে নিতে চান, তবে এজন্য মানসিকতা পরিবর্তন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
থমাস ডুলি
থমাস ডুলি |সংগৃহীত

অনেক গুঞ্জন শেষে, শুক্রবার থমাস ডুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দু’টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা এই কোচ ইতোমধ্যেই পা রেখেছেন বাংলাদেশে।

সবকিছু ঠিকঠাক থাকলে রোববার থেকে কাজ শুরু করবেন ডুলি। আসছে ৫ জুন সান মারিনোর বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের ডাগআউটে অভিষেক হবে ৬৫ বছর বয়সী এই কোচের।

কোচিংয়ে বেশ অভিজ্ঞ ডুলি। এক সময় জার্মানির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সাথেও কাজ করেন তিনি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এশিয়ার দেশ ফিলিপিন্সের প্রধান কোচ ছিলেন।

তার কোচিংয়ে ফিলিপিন্স অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় ও নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিং অর্জন করে। যা আশান্বিত করছে বাংলাদেশকে।

কেননা ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা ভীষণ নাজুক, ১৮১তম। এই দুরবস্থা থেকে উত্তরণের দিকে শুরু থেকে দৃষ্টি দিতে চান ডুলি। প্রাথমিক লক্ষ্য জানালেও মনে করিয়ে দিলেন, রাতারাতি সম্ভব নয় কোনোকিছুই।

তিনি বলেন, ‘জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি, তাদের নিয়ে আমরা সফল হতে পারব। আমার লক্ষ্য র‍্যাঙ্কিংয়ে ১৬৫-১৬০ এর মাঝে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এ নিয়ে আমি একটা বইও লিখেছি- দা ট্রুথ অ্যাবাউট সাকসেস ইন সকার দ্যাট নো ওয়ান টিচেস। বইয়ে চারটি মূল স্তম্ভের কথা বলা হয়েছে। তার একটি হলো মানসিকতা। মানসিকতা হুট করে বদলায় না, এটা হলো আপনার চিন্তা করার ধরন। আমাদের ফুটবল নিয়ে ভাবতে হবে ও আমাদের কী করা দরকার, তা বুঝতে হবে, তাহলেই আমরা যেকোনো কিছু অর্জন করতে পারব।’

তিনি যোগ করেন, ‘তবে লক্ষ্যটা বাস্তবসম্মত হতে হবে। ১৬০-এর নিচে নামাটা বাস্তবসম্মত, তবে তা আগামীকালই সম্ভব নয়, হয়তো এক বছরের মধ্যে সম্ভব।’

২০০৩ সালে সাফের শিরোপা জয়ের পর সাফল্য খরা চলছে বাংলাদেশের। সমর্থকেরা খুব আশা করে তাকিয়ে থাকলেও সাফের গত আসরে পথচলা থামে সেমি-ফাইনালে। যা নিয়ে কথা বলেছেন ডুলিও।

তিনি মনে করেন, ‘আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি, যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়। আর বাংলাদেশ কত বছর ধরে কিছু জেতেনি, ২৩ বছর? এখন সময় এসেছে কিছু করে দেখানোর।’