শিরোপা পুনরুদ্ধার বসুন্ধরার, স্বপ্নভঙ্গ আবাহনীর

চ্যাম্পিয়ন হতে বসুন্ধরার দরকার ছিল জয়। আর শিরোপা লড়াই শেষ রাউন্ডে টেনে নিতে আবাহনীর প্রয়োজন ছিল হার এড়ানো। দুই দল তাই মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পসরা।

নয়া দিগন্ত অনলাইন
শিরোপা পুনরুদ্ধার বসুন্ধরার
শিরোপা পুনরুদ্ধার বসুন্ধরার |সংগৃহীত

শিরোপা পুনরুদ্ধার করলো বসুন্ধরা কিংস। এক মৌসুম পর আবারো বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন তারা। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে কিংসরা।

চ্যাম্পিয়ন হতে বসুন্ধরার দরকার ছিল জয়। আর শিরোপা লড়াই শেষ রাউন্ডে টেনে নিতে আবাহনীর প্রয়োজন ছিল হার এড়ানো। দুই দল তাই মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পসরা।

আক্রমণাত্মক ফুটবলে জমে উঠল লড়াই। গোলশূন্য প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধে জোড়া গোল আদায় করে নিলো কিংস। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ২-০ গোলে জিতে যায় তারা।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (১৫ মে) ডেডলক খুলেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোলটা করেন তিনি।

ফয়সাল আহমেদ ফাহিম আবাহনীর বক্সে বাবলুর ট্যাকলে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর স্পট কিক নেন দোরিয়েলতন। যা চলতি মৌসুমে তার ১৭তম গোল।

আর একটু পরই সোহেল রানা ব্যবধান দ্বিগুণ করেন দৃষ্টিনন্দন শটে। সোহেল রানা জুনিয়রের পাস ধরে বল জালে জড়ান তিনি।

তাতেই আবাহনীর স্বপ্ন ভেঙে শিরোপা পুনরুদ্ধার করে বসুন্ধরা।

এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা জোরাল হলো কিংসের। আগেই চ্যালেঞ্জ কাপ জিতে নিয়েছিল তারা। এবার লিগ শিরোপাও জিতল তারা।

দুই শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে তারা আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে মোহমেডানের।