লিওনেল মেসিকে ছাড়াই আজ মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে তার অভাব একটুখানিও বুঝতে দেননি লো সেলসো-লাউতারো মার্টিনেজরা। তুলে নিয়েছে জোড়া গোল।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই গা গরমের ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের ঝালাই করে নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
একাদশে ৯ পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন এই বিশ্বকাপ জয়ী কোচ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের মাত্র দু’জন খেলোয়াড়- এমিলিয়ানো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের একাদশে আছেন।
তবে সবচেয়ে বেশি তারা মিস করতে পারতো লিওনেল মেসির অভাব। প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা ৫ গোলের সবগুলোই ছিল তার। ফলে প্রশ্ন উঠছিল- মেসি ছাড়া কেমন করবে দল? পাবে তো গোল?
উত্তর মিলে প্রথমার্ধেই। জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি-কিক থেকে গোলটি করেন জিওভানি লো সেলসো।
এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেছেন লাউতারো মার্তিনেজ। আরভারেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। যা থেকেই বিশ্বকাপে প্রথম গোল পেলেন লাউতারো।
আলবিসেলেস্তারা বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।



