মরক্কোর দৃঢ় প্রতিরোধে ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও কোনো দলই আর জালের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে কোচ কার্লো আনচেলোত্তির ব্রাজিলকে।

নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপের যাত্রা প্রত্যাশিত জয় দিয়ে শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

নেইমারকে ছাড়াই মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন ফুটবল খেললেও মরক্কো শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ও সংগঠিত। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আফ্রিকার প্রতিনিধিরা। বাম প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণে ব্রাজিলের ডি-বক্সে বল পান মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। তবে তার শট শেষ মুহূর্তে ব্লক করে দেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

প্রথমদিকে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। এক পর্যায়ে ইগর থিয়াগোর সামনে গোলের ভালো সুযোগ তৈরি হলেও তিনি তা কাজে লাগাতে ব্যর্থ হন।

তবে ২১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করেন ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ম্যাচের ৩২তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। বাম প্রান্ত থেকে ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে জোরালো শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করেন তিনি।

ভিনিসিয়ুসের এই গোল ব্রাজিলের হয়ে তার একটি গুরুত্বপূর্ণ মাইলফলকও স্পর্শ করে। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার ৫০তম গোল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও কোনো দলই আর জালের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে কোচ কার্লো আনচেলোত্তির ব্রাজিলকে।

অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে মরক্কো, যা তাদের পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।