বিশ্বকাপে উসমান দেম্বেলের হ্যাটট্রিকের বদৌলতে নরওয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে আই গ্রুপের এ ম্যাচে দেম্বেলে গোল তিনটি পান মাত্র ৩২ মিনিটে। এটি এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক। আগের হ্যাটট্রিক দুটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।
দেম্বেলের এ হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসেও দ্বিতীয় দ্রুততম। এর আগে দ্রুততম হ্যাটট্রিকটি করেছিলেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে করেছিলেন সে রেকর্ডটি।
আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল ফ্রান্স। ফলে এগিয়ে যেতে দলটির সময় লেগেছে মাত্র ৭ মিনিট। বক্সের ভেতর দারুণ এক শটে গোলটি করেন পিএসজি তারকা দেম্বেলে। এই গোলে সহায়তা করে আরেক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।
পরে ২০ ও ৩২ মিনিটে অপর দুটি গোল করেন দেম্বেলে। দ্বিতীয় গোলেও সহায়তায় ছিলেন এমবাপ্পে।
ফ্রান্স জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ করে নরওয়ের। গোলটি করেছেন অসগার্ড।
বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন ব্যালন ডি’অরজয়ী তারকা দেম্বেলে।
তবে আজকের ম্যাচে ফরাসি দুই তারকা স্ট্রাইকার মাঠে থাকলেও ছিলেন না নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড।
এ দুই দলই নিশ্চিত করে ফেলেছে নকআউট। এরপরও এই ম্যাচ নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। এই উন্মাদনার মূল কারণ আধুনিক ফুটবলের দুই দাপুটে স্ট্রাইকার আরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে।



