শেষ ষোলোতে উঠার দৌড়ে হোঁচট খেয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে গেছে সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে তাই যেকোনো মূল্যে ঘুরে দাঁড়াতে হবে তাদের। অন্যথায় স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে।
হিউস্টন স্টেডিয়ামে জাপানের হয়ে একমাত্র গোলটি করেছেন কাইশু সানো। কাউন্টার অ্যাটাকে মাঠের অর্ধেকটার বেশি দৌড়ে এসে প্রায় বিনা বাধায় দূরপাল্লার শটে গোলটি করেন তিনি।
সোমবার (২৯ জুন) রাউন্ড অফ ৩২-এর ম্যাচে শুরু থেকে বল দখল বা শটে ব্রাজিলই এগিয়ে ছিল। কিন্তু ২৯ মিনিটে দানিলোর ভুল পাসে বল চলে যায় জাপানের সানোর কাছে। সুযোগটি হাতছাড়া করেননি তিনি।
আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। জাপানের জার্সি গায়ে সানো পেয়ে যান প্রথম আন্তর্জাতিক গোল। যা এগিয়ে দিয়েছে তার দলকে।
এরপর বিরতির আগ পর্যন্ত বেশ কয়েকবার চেষ্টা করলেও জাপানের রক্ষণে ভাঙন ধরাতে পারেনি। এমতাবস্থায় দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে হবে। অন্যথায় বড় বিপদে পড়তে পারে সেলেসাওরা।
অবশ্য বলের দখল পুরোপুরি ব্রাজিলের। প্রায় ৬৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। কিন্তু জাপান ডিফেন্স দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আক্রমণের কোনো সুযোগই দিচ্ছে না সেলেসাওদের।



