বিশ্বকাপে ১০ জনের ইরাকের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে সেনেগাল। এ দু’দলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল।
কানাডার টরেন্টোর এ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেনেগাল। ম্যাচের ৪ মিনিটে গোল করেন হাবিব দিয়ারা।
ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় এই কার্ডটি দেখেন সুলাকা। এ অবস্থায়ই শেষ হয় প্রথমার্ধ।
প্রথমার্ধে সেনেগাল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়ে কাজে না লাগাতে পারলেও দ্বিতীয়ার্ধে তারা তা পুষিয়ে নেয়। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ইসমাইলা সার।
এরপর ৫৯ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় সেনেগাল। দারুণ এক শটে বদলি হিসেবে মাঠে নামার ২ মিনিটের মাথায় এই গোলটি করেন পাপে গেয়ে।
৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে।
এরপর ম্যাচের ৮২ মিনিটে গোল করে সেনেগালকে ৫–০ ব্যবধানে এগিয়ে দেন ইলিমান এনদিয়ায়ে।



