'ফ্রান্সের মান অনেক উঁচু'—হারের পর মরক্কোর কোচ

বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে। শেষ পর্যন্ত তাদের পথচলা থামল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে। তবে এই অভিযানে ইতিবাচক দিকই বেশি দেখছেন ওয়াহাবি।

ক্রীড়া ডেস্ক
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মরক্কোর প্রধান কোচ ওয়াহাবি
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মরক্কোর প্রধান কোচ ওয়াহাবি |সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। তবে পরাজয়ের পর হতাশার বদলে প্রতিপক্ষের সামর্থ্যের স্বীকৃতি দিয়েছেন মরক্কোর প্রধান কোচ ওয়াহাবি। তার মতে, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে হার অস্বাভাবিক নয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে এমন ফল মেনে নেওয়ার মতো। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি।’

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারও ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো মরক্কোকে। তবে এবারও প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই বেশি সময় ব্যয় করতে হয়েছে আফ্রিকার দলটিকে। নিজেদের স্বাভাবিক খেলাও খেলতে পারেনি তারা।

এ প্রসঙ্গে ওয়াহাবি বলেন, ‘ম্যাচের কিছু সময় আমরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ফ্রান্সের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা, দলীয় সমন্বয় এবং বেঞ্চের গভীরতা আমাদের সেই সুযোগ দেয়নি।’

ফ্রান্সকে হারাতে পারলে বিশ্ব ফুটবলে নতুন শক্তি হিসেবে নিজেদের আরও জোরালোভাবে প্রতিষ্ঠার সুযোগ ছিল মরক্কোর। সেই সুযোগ হাতছাড়া হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ। তিনি বলেন, ‘ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং এবারও শিরোপার অন্যতম দাবিদার। এমন দলের কাছে হার থেকেও অনেক কিছু শেখার আছে। গত দুই বিশ্বকাপে মরক্কোর পারফরম্যান্স আমাদের ফুটবলের অগ্রগতির প্রমাণ। সামনে আমাদের দেশেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য সামনে রেখে আরো অনেক কাজ করতে হবে।’

বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে। শেষ পর্যন্ত তাদের পথচলা থামল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে। তবে এই অভিযানে ইতিবাচক দিকই বেশি দেখছেন ওয়াহাবি।

তার ভাষায়, ‘আমাদের শুরুটা ছিল দুর্দান্ত। ধাপে ধাপে উন্নতি করেই আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি। ফ্রান্সের বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই খেলেছি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের আরো শক্তিশালী করবে।’

ব্যক্তিগতভাবেও এবারের বিশ্বকাপকে বড় অর্জন হিসেবে দেখছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তি ও দিদিয়ের দেশমের মতো বিশ্বসেরা কোচদের বিপক্ষে দাঁড়িয়ে দল পরিচালনা করার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা।’