বিশ্বকাপে নিজের ভূমিকা নিয়ে খুশি নন নেইমার

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, বিশ্বকাপে সীমিত সুযোগ পাওয়ায় নেইমার জুনিয়র সন্তুষ্ট নন, তবে তিনি পেশাদারিত্ব বজায় রেখে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখছেন। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও নেইমার বেঞ্চে থেকে শুরু করতে পারেন, যদিও তিনি নিজেকে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র |সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেইমার জুনিয়র, এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে পুরো পরিস্থিতি তিনি বেশ পেশাদারিত্বের সাথে দেখছেন এবং পুরো দলের উপর এর ইতিবাচক প্রভাব পড়েছে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তিনি শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন।

মেটলাইফ স্টেডিয়ামে রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৪ বছর বয়সি নেইমার আবারো বদলি বেঞ্চে থাকবেন।

ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে। অনুশীলনেও ভালো করছে। নেইমার সতীর্থদের কাছে খুবই শ্রদ্ধার একজন খেলোয়াড়। সবাই তাকে অনেক ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে নেইমারের প্রভাব অপরিসীম। ব্যক্তি হিসেবেও নেইমার অসাধারণ। তাকে দলে পেয়ে আমি দারুণ খুশি। অবশ্যই প্রতি ম্যাচেই সে খেলতে চায়।’

ডান পায়ের কাফ পেশিতে ইনজুরি নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছে নেইমার।

নেইমার ইঙ্গিত দিয়েছেন তিনি এখন পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। যদিও বার্সেলোনা ও পিএসজির সাবেক এই সুপারস্টারের ম্যাচ ফিটনেস নিয়ে এখনো কিছু শঙ্কা রয়েছে।

আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানে না কতক্ষণ সে খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো অভিজ্ঞতা তার রয়েছে। দলে যখনই তার প্রয়োজন হবে আমি তাকে মাঠে পাঠাবো।’

এর আগে চারবারের মোকাবেলায় কখনই নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। এর মধ্যে দু’টি ম্যাচ ড্র ও দু’টিতে পরাজিত হয়েছে সেলেসাওরা। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি ব্রাজিল।

আনচেলত্তি বলেন, ‘নরওয়ের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কিন্তু একটি ভালো ম্যাচ উপহার দেয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রক্ষণভাগে নরওয়ে বেশ গোছানো একটি দল। আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিয়েছি। হয়তো আমরা গোল হজম করতে পারি, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কৌশলও আমরা জানি।’

সূত্র : বাসস