আবারো হোচট খেল রিয়াল মাদ্রিদ

জিরোনার বিপক্ষে ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা। সব মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোজরা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রিয়াল মাদ্রিদের খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে। একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়ে চলছে দলটি। যেখান থেকে বের হতে পারেনি গতরাতেও।

শুক্রবার জিরোনার বিপক্ষে ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা। সব মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোজরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে গোটা ম্যাচে আধিপত্য ছিল রিয়ালেরই। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল রেখে গোলের জন্য রিয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল।

অবশ্য একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। এমবাপ্পে-ভিনিসিউস জুনিয়ররা বারবার হতাশ করতে থাকেন। গোলশূন্য বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এসে ‘ডেডলক’ ভাঙেন ফেদেরিকা ভালভার্দে। ব্রাহিম দিয়াসের পাস ধরে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল কাঁপান উরুগুয়ের তারকা।

বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকা লাগেনি জিরোনাকে। মাত্র ১১ মিনিট পরই সমতা ফেরান থমাস লেমার, ডান দিক দিয়ে ঢুকে শক্ত শটে পরাস্ত করেন গোলরক্ষক আন্দ্রি লুনিনকে।

লা লিগায় টানা আট ম্যাচে অন্তত একটি গোল হজম করল রিয়াল মাদ্রিদ (মোট ১১টি)। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম লিগে টানা এত ম্যাচে গোল খেল তারা।

এরপর অবশ্য উপলক্ষ পেলেও আর কোনো গোল করতে পারেনি স্বাগতিকেরা, গোল পায়নি জিরোনাও। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

তবে এই ড্রর ফলে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেছে রিয়াল। ৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে তারা। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।