নানা অনিশ্চয়তার পর অবশেষে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়েছে।
শুক্রবার রাতে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে ফিফা। শনিবার বিকেলে বাফুফের নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেন সভাপতি তাবিথ আউয়াল।
আসিয়ান কাপে খেলা নিশ্চিত হওয়ায় নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের জন্য অনুশীলন ম্যাচ আয়োজনের যে চেষ্টা বাফুফে করছিল, এখন আর সেটির প্রয়োজন হচ্ছে না। কারণ আসিয়ান কাপে বাংলাদেশের অন্তত তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।
২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪টি দেশকে নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে।
এর আগে ড্রয়ে ‘এ’ গ্রুপে ভারতকে রাখা হয়েছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার সাথে। ভারত নাম প্রত্যাহার করে নেয়ার পর তাদের জায়গায় বাংলাদেশকে ‘এ’ গ্রুপে নেয়া হয়েছে।
প্রিমিয়ার ডিভিশনের ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। আর চ্যালেঞ্জ ডিভিশনে রয়েছে ছয়টি দেশ। ‘এ’ গ্রুপে হংকং, মিয়ানমার ও ব্রুনাই এবং ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুর।
বাংলাদেশের সম্ভাব্য ম্যাচের তারিখ ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। তবে কোন ম্যাচে হামজারা কোন প্রতিপক্ষের মুখোমুখি হবেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই জানা যাবে।



