বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। মাঠের লড়াই শুরুর আগেই অবশ্য উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে। জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাইয়ের একটি মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে শিওগাইকে প্রশ্ন করা হয়েছিল ব্রাজিলের নাম শুনলেই প্রথমে কার কথা মনে পড়ে, তখন এক মুহূর্তও না ভেবে উত্তর দেন ‘নেইমার।’
তবে এরপর একটু কঠিন মন্তব্য করে বসেন শিওগাই। যা নিয়ে ফুটবল পাড়ায় চলছে আলোচনা। তিনি বলেন, ‘নেইমার আর আগের সেই অবস্থানে নেই। আমার মনে হয় এখন আমরা বেশ ভালো অবস্থানে আছি।’
অবশ্য ব্রাজিল বা নেইমারকে খাটো করার চেষ্টা করেননি এই জাপানি ফরোয়ার্ড। বরং তিনি স্পষ্ট করে বলেন, ‘ব্রাজিল এখনো শক্তিশালী দল। আমরা যদি তাদের হারাতে পারি, তাহলে সেটা আমাদের আত্মবিশ্বাসকে আরো অনেক বাড়িয়ে দেবে।’
তবে এরপরই তিনি বলেন, অতীতে ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি ছিল। এখন তার কাছে ফ্রান্স ও আর্জেন্টিনাকে বেশি শক্তিশালী মনে হয়। ব্রাজিলকে নিয়ে আগের মতো আলোচনা শোনা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
শিওগাইয়ের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ব্রাজিলকে খাটো করার মন্তব্য হিসেবে তুলে ধরলেও জাপানি সংবাদমাধ্যমগুলোর দাবি, তার বক্তব্যের কিছু অংশ প্রসঙ্গের বাইরে এনে অতিরঞ্জিত করা হয়েছে।
এদিকে কেন্তো শিওগাইয়ের মন্তব্যের বিপরীতে দাঁড়িয়ে একটি পরিসংখ্যান। জাপানের বিপক্ষে নেইমারের রেকর্ড অবিশ্বাস্য। পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়ে করেছেন ৯ গোল, রয়েছে ৩টি অ্যাসিস্ট।
আন্তর্জাতিক ফুটবলে কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে এত বেশি গোল নেই তার। বিশেষ করে ২০১৪ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক প্রীতিম্যাচে একাই ৪ গোল করেছিলেন।
যদিও হাঁটুর ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ফিরলেও তাকে ছাড়াই ব্রাজিলকে খেলতে হয়েছে বেশিভাগ সময়।
দীর্ঘদিন পর মাঠে ফিরে আত্মবিশ্বাসী ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলার। শেষ ষোলোর ম্যাচে তাকে শুরুর একাদশেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।



