ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত ছিল। তবে কোনো সমীকরণের অপেক্ষায় না থেকে জয় দিয়েই নকআউট পর্ব নিশ্চিত করল ক্রোয়েশিয়া। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হরে পারেনি তারা।
ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘এল’-এর শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লুকা মদরিচের দল।
অন্যদিকে হারলেও হতাশ হওয়ার কারণ নেই ঘানার। গ্রুপে তৃতীয় স্থান ধরে রেখেই সেরা আট তৃতীয়-স্থানধারী দলের একটি হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। ৩০ মিনিটে লুকা মদরিচের ফ্রি-কিক থেকে ইভান পেরিসিচের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ঘানার গোলরক্ষক বেনজামিন আসারে।
তবে এক মিনিট পরই ভাঙে সেই প্রতিরোধ। মাতেও কোভাচিচের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ডান পায়ের শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠিয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পেতার সুচিচ।
বিরতির পর ঘানা ম্যাচে ফেরার চেষ্টা চালায়। ৪৭ মিনিটে আবদুল ফাতাউ এবং ৫৬ মিনিটে কামালদীন সুলেমানার দুটি সুযোগ নষ্ট হলেও শেষ পর্যন্ত ৭৩ মিনিটে সমতা ফেরায় তারা।
আর্নেস্ট নুয়ামাহর সেট-পিস থেকে ভাসানো ক্রসে ডেরিক লুকাসেন খুব কাছ থেকে বল জালে পাঠান। অফসাইডের সন্দেহ থাকলেও ভিএআর পর্যালোচনায় গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
সমতায় ফেরার পর ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৮১ মিনিটে মারিও পাসালিচের জোরালো শট আবারো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আসারে। তবে পরের মিনিটেই আর রক্ষা হয়নি।
লুকা মদরিচের কর্নার থেকে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে জালের নিচের বাঁ কোণে বল পাঠিয়ে ক্রোয়েশিয়ার জয়সূচক গোল করেন নিকোলা ভ্লাসিচ।
শেষ দিকে দুই দলই আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে তারা।



