উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব ধীরে ধীরে পৌঁছাচ্ছে চূড়ান্ত উত্তেজনার দিকে। দ্বিতীয় ম্যাচডে শেষ হতেই নকআউট পর্বের সমীকরণ অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে।
টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরে ইতোমধ্যেই ছয়টি দল নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। অন্যদিকে সব আশা শেষ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে চারটি দলের।
বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ ‘এ’ থেকে তাদের পরই দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় আরেক সহ-আয়োজক যুক্তরাষ্ট্র, যারা গ্রুপ ‘ডি’ থেকে টিকিট নিশ্চিত করে।
এরপর গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের হতাশা কাটিয়ে এবার নতুন করে শিরোপা স্বপ্ন দেখছে জার্মানরা।
তবে সোমবারের রাতটি ছিল ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দখলে। দুজনেই জোড়া গোল করে জিতিয়েছেন দলকে। এনে দিয়েছেন দ্বিতীয় রাউন্ডের টিকিট।
গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি। তার গোলসংখ্যা এখন ১৮।
মেসির ইতিহাস গড়ার কয়েক ঘণ্টা পরই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয় ফ্রান্স। বজ্রঝড়ের কারণে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ৩২ নিশ্চিত করে ফরাসিরা।
ম্যাচে জোড়া গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফলে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মানি কিংবদন্তি মিরোসাভ ক্লোসার পুরোনো রেকর্ডের সমান।
নকআউট নিশ্চিত করা ষষ্ঠ দল নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ চমক দেখিয়েছে আর্লিং হালান্ডের দল। গ্রুপ ‘আই’-এ সাদিও মানের সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে নরওয়েজিয়ানরা।
যেখানে একদিকে উৎসব, অন্যদিকে সেখানে বিদায়ের কান্না। গ্রুপ ‘সি’ থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। গ্রুপ ‘ডি’ থেকে ছিটকে যায় তুরস্ক। এবার সেই তালিকায় যোগ হয়েছে তিউনিসিয়া ও জর্ডান।
গ্রুপ ‘এফ’-এ সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিসিয়ার ভাগ্য ঝুলে ছিল অন্য ম্যাচের ওপর। কিন্তু বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিশ্চিত হয় আফ্রিকার দেশটির।
অন্যদিকে বিশ্বকাপের চার নবাগত দলের অন্যতম জর্ডানও টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়েছে। গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। সেই পরাজয়েই শেষ হয়ে যায় তাদের নকআউট স্বপ্ন।
দ্বিতীয় ম্যাচ ডে শেষে নকআউট নিশ্চিত করা দলগুলো হলো—মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে। আর বিদায় নিশ্চিত হয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া ও জর্ডানের।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো সামনে রেখে এখন আরো জমে উঠেছে বিশ্বকাপের হিসাব-নিকাশ। কোথাও শেষ ৩২-এর টিকিটের লড়াই, কোথাও গ্রুপ সেরার প্রতিযোগিতা, আবার কোথাও বাঁচা-মরার ম্যাচ। ফলে বিশ্বকাপের উত্তেজনা এখন পৌঁছে গেছে নতুন উচ্চতায়।



