হামজাকে নিয়ে দুশ্চিন্তায় বাফুফে, আসছেন নতুন ২ বিদেশী

হামজা চৌধুরী চোটে ছিটকে যাওয়ায় বাংলাদেশ ফুটবল দলের মার্চের ম্যাচে তার খেলা অনিশ্চিত; নতুন দুই প্রবাসী খেলোয়াড়ও জাতীয় দলে আসছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামজা চৌধুরী
হামজা চৌধুরী |ফাইল ছবি

হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ। চোটে পড়ে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। লেস্টার তারকাকে থাকতে হবে বিশ্রামে। ফলে মার্চে বাংলাদেশের হয়ে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

হামজা চোটে পড়েছেন গত শনিবার। চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে মাঠে নেমে হামজা হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। চোট যে গুরুতর, তা তখনই বোঝা যাচ্ছিল।

ফলে দুশ্চিন্তায় আছে বাংলাদেশও। আগামী মাসে দু’টি ম্যাচ খেলার কথা জাতীয় ফুটবল দলের। একটি প্রীতি ম্যাচ হলেও অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। এই দুই ম্যাচে হামজাকে পাওয়া নিয়ে আছে সংশয়।

রিকোভারি ঠিকমতো না হলে হামজাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না দ্যা ফক্সেস। যার প্রভাব পড়ার আশঙ্কা আছে আসছে মার্চ উইন্ডোতে। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটা সত্য উনি চোট পেয়েছেন ও আমাদের যে তথ্য দেয়া হয়েছে তাতে ওনাকে ছয় সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। তিন বা চার সপ্তাহ পর আরেকটি পরীক্ষার মাধ্যমে জানা যাবে তিনি কত তাড়াতাড়ি অনুশীলনে ফিরতে পারবেন।’

hamza

আসছে ফিফা উইন্ডোতেই আরো দু’জন প্রবাসী ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে। সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান ও নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েগকে নিয়ে আসছে বাফুফে।

ফাহাদ করিম বলেন, ‘দু’জন খেলোয়াড়কে নিয়ে জাতীয় দলের জন্য আমরা চেষ্টা করছি। দেখা যাক, ইনশাআল্লাহ। আমরা খুবই কঠোর পরিশ্রম করছি। আমরা তাদের পেতে আশাবাদী কিন্তু সেটা মার্চ হবে কিনা বলতে পারছি না। তবে মার্চের জন্য চেষ্টা করছি।’

এছাড়া সামিত সোম-ফাহমিদুলকে নিয়েও সুখবর দিয়ে রেখেছেন ফাহাদ। বলেন, ‘ম্যানেজমেন্ট থেকে নিয়মিত যোগাযোগ আছে। উনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ তাদেরকে আমরা ক্যাম্পে দেখব।আমরা হামজাকে নিয়েও আশা করব।’

উল্লেখ্য, মার্চ উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।