ট্রাম্প–বালোগান বিতর্কে এবার ফিফার বিরুদ্ধে অভিযোগ নরওয়ের

লাল কার্ড পাওয়ার পরেও তা স্থগিত করে বালোগানের খেলা নিয়ে ফিফার এথিকস (নৈতিকতা) কমিটির কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে রওয়ে ফুটবল ফেডারেশন।

নয়া দিগন্ত অনলাইন
নরওয়ে ফুটবল দল
নরওয়ে ফুটবল দল |নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় থামছেই না বিতর্ক। এবার এ ইস্যুতে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস জানান, ফেডারেশনের বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে ফিফার এথিকস (নৈতিকতা) কমিটির কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ক্লাভেনেস বলেন, ‘বোর্ড সভায় আমি বিষয়টি তুলেছিলাম। সদস্যদের সাথে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, নৈতিকতার প্রশ্নে আমরা এই অভিযোগ দায়ের করব।’

ঘটনার সূত্রপাত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তার নিষিদ্ধ থাকার কথা ছিল।

তবে ম্যাচের আগেই ফিফা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে খেলার অনুমতি দেয়। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।

যা নিয়ে বিশ্বকাপ চলাকালীন সময়েই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ফিফা ও ডোনাল্ড ট্রাম্পকে। কড়া বিবৃতি দেয় বেশ কয়েকটি সংগঠন। এবার আনুষ্ঠানিক অভিযোগ দিতে যাচ্ছে ভাইকিংসরা।

এখন নরওয়ের অভিযোগের পর ফিফা এ বিষয়ে কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

এই প্রসঙ্গে ক্লাভেনেস বলেন, ‘ফুটবলের মৌলিক নিয়ম এভাবে ভাঙলে পুরো খেলাটাই ঝুঁকির মুখে পড়ে। রাষ্ট্রপ্রধান বা বাইরের প্রভাবশালীর কথায় যদি এমন সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে সেটি অত্যন্ত বিপজ্জনক নজির।’

তিনি আরো অভিযোগ করেন, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান নাকি অন্য সদস্যদের সাথে আলোচনা না করেই এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সঠিক প্রক্রিয়ার পরিপন্থী।

বিতর্কের মাঝেই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেন বালোগান। তবে সেই ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।