গাহসিয়ার বিদায়ের পর বেলজিয়ামের কোচ ফন বোমেল

দুই বছর বিরতির পর জাতীয় দলের দায়িত্ব নিয়ে আবারো কোচিংয়ে ফিরলেন ফন বোমেল। বেলজিয়ামের প্রধান কোচ হওয়া তার জন্য বিরাট সম্মানের বলে জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
বেলজিয়াম ফুটবল দলের নবনিযুক্ত প্রধান কোচ মার্ক ফন বোমেল
বেলজিয়াম ফুটবল দলের নবনিযুক্ত প্রধান কোচ মার্ক ফন বোমেল |নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপের পর নতুন কোচের সন্ধান শেষ করল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। হুডি গাহসিয়ার বিদায়ের পর নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক ও কোচ মার্ক ফন বোমেলের হাতেই তুলে দেয়া হয়েছে বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব।

শুক্রবার এক বিবৃতিতে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দুই বছরের চুক্তিতে ৪৯ বছর বয়সী ফন বোমেলকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গাহসিয়ার অধীনে এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত উঠেছিল বেলজিয়াম। তবে সেখানে স্পেনের কাছে হেরে বিদায় নেয় দলটি। এরপর গত সোমবার তার সাথে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

খেলোয়াড় জীবনে নেদারল্যান্ডসের হয়ে ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফন বোমেল। ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজিত ডাচ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভি আইন্দহোভেনের মতো ইউরোপের শীর্ষ ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে পিএসভি আইন্দহোভেনের দায়িত্ব নিয়ে। পরে জার্মানির ভলফসবুর্কে কাজ করার পর ২০২২ সালে যোগ দেন বেলজিয়ামের রয়্যাল অ্যান্টওয়ার্পে। তার অধীনেই ২০২২-২৩ মৌসুমে লিগ ও কাপ—দুই শিরোপা জিতে ক্লাবটি।

দুই বছর বিরতির পর জাতীয় দলের দায়িত্ব নিয়ে আবারো কোচিংয়ে ফিরলেন ফন বোমেল। নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি বলেন, ‘বেলজিয়ামের প্রধান কোচ হওয়া আমার জন্য বিরাট সম্মানের।’

তিনি আরো বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। বেলজিয়ামে অসাধারণ খেলোয়াড় ও বিপুল সম্ভাবনা রয়েছে। আমার কোচিং স্টাফদের সাথে মিলে আমরা এমন একটি দল গড়তে চাই, যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী ও সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট সাহসী।’

ফন বোমেলের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে উয়েফা নেশন্স লিগে। ২৫ সেপ্টেম্বর রোমে ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম। এরপর ২৮ সেপ্টেম্বর ব্রাসেলসে ফ্রান্সকে স্বাগত জানাবে তারা।

২ অক্টোবর ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে খেলবে বেলজিয়াম, আর ৫ অক্টোবর প্যারিসে আবারো ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে নতুন কোচের দল।