বিশ্বকাপ : পর্তুগালকে শক্তি যোগাবে দিয়েগো জোতার স্মৃতি

এখনো পর্যন্ত বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি পর্তুগাল। ১৯৬৬ সালে তারা তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বোচ্চ অর্জন।

নয়া দিগন্ত অনলাইন

পর্তুগাল এবারের গ্রীষ্মে বিশ্বকাপে খেলতে নামলে প্রয়াত দিয়েগো জোতার স্মৃতি থেকেই অনুপ্রেরণা ও স্মৃতি খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন রুবেন নেভেস।

গত বছর ৩ জুলাই স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন লিভারপুল তারকা জোতা। তার কিছুদিন আগে তার হাত ধরেই পর্তুগাল উয়েফা নেশন্স কাপের শিরোপা জিতেছিল।

সাবেক লিভারপুল ফরোয়ার্ড জোতার ঘনিষ্ট বন্ধু নেভেস জাতীয় দলে তার সতীর্থ ছিলেন। জোতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আল হিলালের মিডফিল্ডার নেভেস বলেন, ‘আমরা এ নিয়ে অনেক কথা বলেছি এবং আমরা সব সময় একই কথাই বলি। কখনো কখনো অতিরিক্ত শক্তি পাওয়ার জন্য কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে হয়। এটি এমন একটি বিষয় হবে, যা বিশেষ কিছু মুহূর্তে আমাদের সেই বাড়তি শক্তি দেবে এবং আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাহায্য করবে।’

প্রায় এক বছর আগে নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে পেনাল্টি শুট আউটে ২৯ বছর বয়সী নেভেসের গোলেই পর্তুগালের শিরোপা নিশ্চিত হয়।

নেভেস বলেন, ‘সেই ম্যাচের পর আমি বলেছিলাম, এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোর একটি, যা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলই। তাই যদি এই বিশ্বকাপেও এমন কিছু ঘটে এবং তা দলকে পরের রাউন্ডে উঠতে বা এমনকি টুর্নামেন্ট জিততে সাহায্য করে, তাহলে সেটি দারুণ হবে। তবে আমি চাই ৯০ মিনিটের মধ্যেই জিততে, যাতে পেনাল্টি শুটআউট পর্যন্ত যেতে না হয়। আমরা দল হিসেবে কী অর্জন করতে পারি, সেটিতেই আমাদের পুরো মনোযোগ।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগার এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে।

নেভেস বলেন, ‘জাতীয় দলের সব খেলোয়াড়ই এ ধরনের চাপের সাথে অভ্যস্ত। সম্প্রতি আমাদের চারজন খেলোয়াড় নুনো মেন্ডেস, ভিটিনহা, হুয়াও নেভেস ও গনসালো রামোস দ্বিতীয়বারের মতো পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। আমাদের দল তরুণ কিন্তু অভিজ্ঞ। আমরা এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করি, কারণ আমরা জানি আমাদের যথেষ্ট সামর্থ্য আছে এবং আমরা পর্তুগালের জন্য বড় কিছু অর্জন করতে পারি।’

এখনো পর্যন্ত বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি পর্তুগাল। ১৯৬৬ সালে তারা তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল, যা বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বোচ্চ অর্জন।