বিশ্বকাপের দামামা বেজে উঠেছে আগেই। শিরোপা নেশায় প্রস্তুত হচ্ছে দলগুলো। পিছিয়ে নেই স্পেনও। শক্তিশালী দল নিয়েই বিশ্বমঞ্চে যাচ্ছে তারা। আছেন লামিনে ইয়ামালও।
টুর্নামেন্ট শুরুর ১৭ দিন বাকি থাকতেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে তার ঘোষিত দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ।
স্পেনের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে এই দলটাতেই নেই স্প্যানিশদের আধিক্য। যার প্রভাব দেখা গেল বিশ্বকাপের এই দল ঘোষণায়। চোটের কারণে দানি কারভাহাল না থাকায় স্পেন দলে নেই তাদের কোনো প্রতিনিধি।
তবে স্পেনের বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালসহ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার সর্বোচ্চ ৮ জন খেলোয়াড়। ৩ জন করে আছেন আতলেতিকো মাদ্রিদ, বিলবাও ও আর্সেনাল থেকে।
এদিকে দলে ডাক পেলেও উদ্বেগ বাড়িয়েছেন ইয়ামাল। ইয়ামালকে স্কোয়াডে রাখা হলেও কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে।
মাঝমাঠে অবশ্য যথারীতি থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি হার্নান্দেজ, গাভি ও পেদ্রি।
উল্লেখ্য, আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।
এক নজরে স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলকিপার : উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার : মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।
মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।



