বর্ণবাদী আক্রমণ করে শাস্তি পেলেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির। মাঠের ভেতর ভিনিসিউস জুনিয়রকে বানর ডাকায় এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
তবে শাস্তি এখানেই শেষ নয়, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে আরো। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন বেনফিকার এই আর্জেন্টাইন তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে গত সপ্তাহে ভিনিসিউস জুনিয়রের গোলে বেনফিকার বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। গোলের পর মেজাজ হারিয়ে ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্য করেন প্রেস্টিয়ান্নি।
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড অভিযোগ করেন, তাকে ‘বানর’ বলে সম্বোধন করা হয়েছে। তবে প্রেস্টিয়ান্নি বর্ণবাদী আক্রমণের অভিযোগ অস্বীকার করেন।
যদিও ভিনিসিউসের ক্লাব সতীর্থ ও ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পেও জানান, তিনি নিজেও প্রেস্টিয়ান্নির মুখ থেকে গালি শুনেছেন।
এ ঘটনার তদন্তে নেমেছে উয়েফা।
উয়েফার নিয়ম অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন প্রেস্টিয়ান্নি। তবে আপাতত তদন্তকালীন সময়ে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সোমবার এক বিবৃতিতে এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা দেয় উয়েফা। ফলে প্লে-অফের ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে বার্না ব্যুতে খেলতে পারবেন না এই আর্জেন্টাইন উইঙ্গার।
উয়েফা জানিয়েছে, প্রাথমিকভাবে বৈষম্যমূলক আচরণের অভিযোগে এই নিষেধাজ্ঞা দিয়েছে। তদন্ত শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।



