৫ মাসের জন্য মাঠের বাইরে রিয়াল তারকা মেন্ডি

‘আমাদের খেলোয়াড় ফারলান্ড মেন্ডির মেডিক্যাল পরীক্ষার ফলাফলে দেখা গেছে তার ডান পায়ের রেক্টাস ফেমোরিস টেন্ডনে চোট ধরা পড়েছে। তার সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণে রাখা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ফারলান্ড মেন্ডি
ফারলান্ড মেন্ডি |সংগৃহীত

ডান পায়ের পেশীর ইনজুরির কারণে প্রায় পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের লেফট-ব্যাক ফারলান্ড মেন্ডি। ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হয়তো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

রোববার লা লিগায় এস্পানেয়লের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে অস্বস্তি অনুভব করায় ১৪ মিনিটে বদলি বেঞ্চে চলে যান ৩০ বছর বয়সী মেন্ডি। তাৎক্ষণিক ভাবে ফরাসি এই তারকাকে মাঠেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

পরবর্তী সময়ে মেডিক্যাল পরীক্ষায় মেন্ডির ইনজুরির মাত্রা নির্নয় করা গেছে। ক্লাবের এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘আজ আমাদের খেলোয়াড় ফারলান্ড মেন্ডির মেডিক্যাল পরীক্ষার ফলাফলে দেখা গেছে তার ডান পায়ের রেক্টাস ফেমোরিস টেন্ডনে চোট ধরা পড়েছে। তার সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণে রাখা হবে।’

এক বছর আগে প্রায় একই ধরনের সমস্যায় পড়েছিলেন মেন্ডি। তখনো তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল এবং এ কারণে প্রায় ছয় মাস তিনি বিশ্রামে ছিলেন। এবারের মৌসুমে ইনজুরির কারণে এই ডিফেন্ডার মাত্র নয়টি ম্যাচ খেলতে পেরেছেন।

ইনজুরির কারণে ২০২৫-২৬ মৌসুম মেন্ডির জন্য শেষ হয়ে গেল। এমনকি আগামী মৌসুমের প্রথম কয়েক মাসও তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে।

২০২৪ সালের গ্রীষ্মে মেন্ডি মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছিলেন। যদিও তার নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত তার মাদ্রিদে থাকার কথা রয়েছে। এর অর্থ হচ্ছে আগামী মৌসুমেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

শুধুমাত্র মেন্ডি নন, মাদ্রিদের হয়ে মৌসুম শেষ হয়ে গেছে এডার মিলিটাও, আরদা গুলার ও রডরিগোর। এছাড়া বর্তমানে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছে কিলিয়ান এমবাপ্পে ও ডানি কারভাহাল।

আগামী রোববার লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো খেলতে নামবে মাদ্রিদ। বাসস