এমবাপ্পে-ভিনিসিউসের গোলে জয়খরা কাটল রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ চার ম্যাচের জয়খরা কাটিয়ে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র-এর গোলে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে। এই জয়ে লা লিগা-এ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে দলটি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চার ম্যাচের জয়খরা কাটিয়ে আবারো হাসল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দলকে হাসালেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। তাদের গোলে আলাভেসকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুয় আলাভেসকে ২-১ গোলে হারায় রিয়াল। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান কিছুটা কমিয়ে আনলো লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের জন্য ম্যাচটি ছিল পুনরুত্থানের। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় দলটি।

লা লিগাতেও টানা দুই ম্যাচে জয়হীন ছিল তারা। জিরোনার সাথে ১-১ গোলে ড্র করার আগে মায়োর্কার কাছে ২-১ ব্যবধানে হেরে বসে সাবেক চ্যাম্পিয়নরা। ফলে বাড়ছিল জয়ের অপেক্ষা।

ম্যাচের শুরুতেই অবশ্য সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়েন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তারাই হয়ে ওঠেন ম্যাচের নায়ক।

অবশ্য প্রথমার্ধে ভাগ্যের সহায়তায় গোল পান এমবাপ্পে। ৩০ মিনিটে ম্যাচের গতিপথ বদলে দেন এমবাপ্পে। তার নেয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষককে পরাস্ত করে। এটি ছিল ফেব্রুয়ারির পর তার লা লিগায় প্রথম গোল, চলতি মৌসুমে তার গোলসংখ্যা এখন ২৪।

দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ৫০ মিনিটে দূরপাল্লার শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আগের ছয় ম্যাচে গোল পাননি।

ইনজুরি সময়ের শেষ দিকে একটি গোল শোধ করে আলাভেস। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রিয়ালের হাতে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচে একটি দুশ্চিন্তা যোগ হয় রিয়াল শিবিরে। ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও। ক্লাব সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার চোট গুরুতর নয়।

৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।