আইভরি কোস্টকে বিদায় করে শেষ ১৬তে ব্রাজিলের প্রতিপক্ষ হলো নরওয়ে

প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার স্মরণীয় অর্জন নিয়ে দেশে ফিরবে আফ্রিকার দল আইভরি কোস্ট।

নয়া দিগন্ত অনলাইন
নরওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড
নরওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড |সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। তবে সেখানে তাদের মোকাবেলা করতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামের এ ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে তারাই বেশি নিয়ন্ত্রণে ছিল এবং গোলের সম্ভাবনাও তৈরি করেছিল। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় তার মাশুল দিতে হয় তাদের।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। পেপেকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই দুর্দান্ত ফিনিশ ঠেকানোর।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পান আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সোরলথ, কিন্তু কেউই সফল হতে পারেননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্রই পাল্টে দেন আমাদু দিয়ালো। প্রথমে গোললাইন থেকে বল ক্লিয়ার করে নরওয়ের নিশ্চিত দ্বিতীয় গোল রুখে দেন তিনি। এরপর আক্রমণে উঠে নিজের জাদুকরী নৈপুণ্যে সমতাও ফেরান। পেপের সঙ্গে ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে শান্ত মাথায় জালে বল পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন দিয়ালো।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের অপেক্ষায়, তখনই নিজের নৈপুণ্য দেখান হালান্ড। নির্ধারিত সময় শেষ হতে মাত্র চার মিনিট বাকি থাকতে অস্কার ববের বাড়ানো বল ধরে বার্গ ডান দিক থেকে নিচু ক্রস দেন। হালান্ডের শট পুরোপুরি নিখুঁত না হলেও বল ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে এবং উঠে যায় শেষ ষোলোতে।

আর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার স্মরণীয় অর্জন নিয়ে দেশে ফিরবে আফ্রিকার দল আইভরি কোস্ট।