বয়স ৪০ পেরিয়ে গেছে কে বলবে? কে বলবে তিনি ১৩ শতাধিক পেশাদার ম্যাচ খেলেছেন! এত এত বছর খেলার পরও এত আবেগ কোথায় পান রোনালদো? আবেগী না হলে কি আর এভাবে অঝোরে কাঁদেন? শিরোপা হাতছাড়া হওয়ায় মুষড়ে পড়েন! হ্যাঁ, এমন দৃশ্যই দেখা গেছে গতরাতে। আল নাসরের জার্সিতে আরো একবার ফাইনাল হেরে ভেঙে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে নিজেদের মাঠে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসের।
মহাদেশীয় প্রতিযোগিতায় ইতিহাস গড়ার সুযোগও ছিল আল নাসেরের। ফাইনালের আগে একটি ম্যাচেও হারেনি তারা। টানা ১০ ম্যাচ জিতে আসা দলটি ফাইনালে নেয় মোট ২০টি শট, যেখানে ওসাকার শট মাত্র ৩টি।
এর মাঝে সবচেয়ে বেশি ৫টি শট নিয়েছেন রোনালদোই, ওসাকার বক্সে সবচেয়ে বেশি ৭ বার বল স্পর্শও তারই। তবুও দিন শেষে শিরোপা অধরা! এ কারণেই হয়তো রোনালদোর এভাবে ভেঙে পড়া।
ম্যাচে ৬৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আল নাসেরের দখলে। তবে এর মাঝেই ম্যাচের ২৯ মিনিটে জয়সূচক গোলটি করে জাপানিজ ক্লাবটিকে দ্বিতীয় মহাদেশীয় শিরোপা এনে দেন ডেনিজ হুমেট।
ফলে সৌদি আরবে যাওয়ার পর শিরোপার অপেক্ষা আরো দীর্ঘ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে মোটা অঙ্কের চুক্তিতে যোগ দেয়ার পর প্রথম শিরোপার খোঁজে রয়েছেন তিনি।
তবে রোনালদোর চলতি মৌসুমে ট্রফি জেতার সুযোগ তার একেবারে শেষ হয়ে যায়নি। সৌদি প্রো লিগে আল নাসর এখন শীর্ষে, আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা।
বৃহস্পতিবার দামাক এফসির বিপক্ষে শেষ ম্যাচটা জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে রোনালদোর দল। আর সেটাই আল নাসেরের এবারের মৌসুমে শিরোপা জয়ের শেষ সুযোগ।



