জরিপ

রোনালদোর অনুগামীরা ডানপন্থী, বামমনস্করা মেসিভক্ত

জরিপকারীদের বক্তব্য, আসল মেসি ও রোনালদোর ব্যক্তিত্ব অনেকটা আলাদা। মেসি অনেক শান্ত, টিমম্যান, ধীরস্থির ভাবমূর্তির। অন্যদিকে রোনালদো অনেক বেশি আগ্রাসী, নিজের সাফল্যগুলো প্রচারে উদ্যমী। সাধারণত মানুষ নিজের ব্যক্তিত্বের সাথে মিল থাকা ব্যক্তিদের প্রতিই আকৃষ্ট হন। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই মহাতারকার মধ্যে কে সেরা, তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্কের অবকাশ আছে। ফুটবল বিশ্বের কার ভক্তসংখ্যা বেশি, এ নিয়েও আজীবন বিতর্ক চলতে পারে। কিন্তু দুই তারকার ভক্তকূলের মধ্যে চরিত্রগত পার্থক্য যে বিরাট, সেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সম্প্রতি সিঙ্গাপুরের একটি সংস্থা মেসি ও রোনালদোর ফ্যানবেসের চরিত্রগত অবস্থান বিশ্লেষণ করে একটি জরিপ প্রকাশ করেছে। তাতে চমকপ্রদ এবং মজাদার তথ্য প্রকাশ্যে এসেছে।

বুধবার (২৪ জুন) ভারতীয় একটি সংবাদমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংবাদমাধ্যমটি ওই জরিপের সূত্রে জানায়, মেসির ভক্তদের মধ্যে বেশিরভাগই বামমনস্ক বা উদারমনস্ক। অন্যদিকে রোনালদো ভক্তদের একটা বড় অংশ দক্ষিণ বা ডানপন্থী এবং রক্ষণশীল মানসিকতার।

এসএসআরএন নামের এক জার্নালে প্রকাশিত ন্যানইয়াং টেকনলজিক্যাল বিশ্ববিদ্যালয় একটি জরিপ প্রকাশ করেছে। তাতে মেসি নাকি রোনালদো- এই প্রশ্ন নিয়ে মোট ২৬টি দেশের প্রায় হাজার দশেক ফুটবলপ্রেমীর কাছে যান জরিপকারীরা। একইসাথে প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শও জানতে চাওয়া হয়েছিল। ওই ২৬ দেশের তালিকায় পর্তুগাল, আর্জেন্টিনার পাশাপাশি রয়েছে ভারতও।

জরিপকারীদের দাবি, মেসি ও রোনালদোর সমর্থকদের চরিত্রগত ফারাক অনেকটাই। তাতেই উঠে এসেছে মেসিভক্তরা অনেক বেশি মুক্তমনা ও উদারপন্থায় বিশ্বাসী। তুলনায় রোনালদো ভক্তরা অনেক বেশি প্রাচীনপন্থী, রক্ষণশীল মানসিকতার হন।

জরিপকারীদের বক্তব্য, আসল মেসি ও রোনালদোর ব্যক্তিত্ব অনেকটা আলাদা। মেসি অনেক শান্ত, টিমম্যান, ধীরস্থির ভাবমূর্তির। অন্যদিকে রোনালদো অনেক বেশি আগ্রাসী, নিজের সাফল্যগুলো প্রচারে উদ্যমী। সাধারণত মানুষ নিজের ব্যক্তিত্বের সাথে মিল থাকা ব্যক্তিদের প্রতিই আকৃষ্ট হন। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে মেসি এবং রোনালদো দু’জনেই দুর্দান্ত ফর্মে। মেসি মাত্র দু’ম্যাচেই পাঁচটি গোল করে ফেলেছেন। রোনালদো প্রথম ম্যাচে তেমন দাগ কাটতে না পারলেও বুধবার উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে চলে এসেছেন। তাই এখন নিজেদের রাজনৈতিক মতাদর্শ ভুলে এখন সেরাদের খেলা উপভোগ করাটাই শ্রেয়।