লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে ঢাকায় সুলিভান ব্রাদার্স

যুক্তরাষ্ট্রপ্রবাসী যমজ ফুটবলার ডেকলান সুলিভান ও রোনান সুলিভান বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ঢাকায় এসেছেন এবং অনূর্ধ্ব-২০ দলে ডাক পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে তাদের অভিষেক হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
রোনান সুলিভান ও ডেকলান সুলিভান
রোনান সুলিভান ও ডেকলান সুলিভান |সংগৃহীত

খেলতে পারতেন জন্মভূমি যুক্তরাষ্ট্রের হয়ে, সুযোগ ছিল নানার দেশ জার্মানির জার্সিও গায়ে চাপানোর। তবে তা উপেক্ষা করে সুলিভান ব্রাদার্সরা ছুটে এসেছেন বাংলাদেশে।

লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর খুব কাছে পৌঁছে গেছেন দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই আসতে পারে সেই উপলক্ষ।

যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্সদের বাংলাদেশের জার্সিতে দেখতে আর খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। গতকাল রোববার ঢাকায় এসেছেন তারা।

যমজ দুই ভাই রেনান ও ডেক্লান সুলিভানকে প্রাথমিকভাবে অনূর্ধ্ব-২০ দলে ডাকা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মূল স্কোয়াডেও জায়গা হয়ে যেতে পারে তাদের।

২৩ মার্চ মালদ্বীপের মালেতে শুরু হবে সাত দেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলা। বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।

উল্লেখ্য, এই দুই ভাই বাংলাদেশে এসেছেন মায়ের সূত্রে। তাদের নানি ছিলেন বাংলাদেশী। তবে নানা ছিলেন জার্মান বংশোদ্ভূত। সে হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জার্মানি তিন দেশের হয়েই খেলার সুযোগ আছে তাদের।

এই পরিবারের বড় দুই ছেলে কুইন ও কাভান সুলিভান এরই মাঝে তারকা ফুটবলার হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কুইন খেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও। আর ছোট দুই ভাই আসলেন বাংলাদেশে।