বিশ্বকাপের শেষ-৩২ ম্যাচে জাপানের মুখোমুখি হওয়ার আগে নিজের পরিকল্পনা গোপনই রাখলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুরুর একাদশ নিয়ে কোনো আভাস দেননি ইতালীয় এই কোচ।
তবে তার কথায় ইঙ্গিত মিলেছে, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো দলটিকেই হয়তো মাঠে নামাবেন তিনি। সেই সাথে আনচেলত্তি জানান, জাপানের বিপক্ষে এই ম্যাচকে তিনি দেখছেন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ হিসেবে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘জাপান খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। তারা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে। গত মার্চে ইংল্যান্ডকে হারিয়েছে, আর গত বছর আমাদের বিপক্ষেও দারুণ খেলেছিল। আমাদের কাছে এটি ফাইনালের মতোই একটি ম্যাচ।’
তিনি আরো বলেন, ‘আমরা জানি, তাদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে। আমরা ভুলে যাইনি, সর্বশেষ দেখায় জাপান আমাদের হারিয়েছিল। তাই এবার আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে।’
যদিও ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে কোনো তথ্যই প্রকাশ করেননি আনচেলত্তি। বরং বিষয়টি নিয়ে রসিকতাও করেন।
একাদশ না জানা থাকলে খেলোয়াড়দের ঘুমে সমস্যা হবে কিনা- এমন প্রশ্নে হেসে তিনি বলেন, ‘আমি তো ঘুমাতেই যাচ্ছিলাম! আপনার কি মনে হয় একাদশ না জানলে খেলোয়াড়দের ঘুমাতে সমস্যা হয়? যে খেলবে, সে ঠিকই জানে। আর যে খেলবে না, সে হয়তো জানে না। খেলোয়াড়রা কোচের চেয়েও ভালো ঘুমায়।’
আনচেলত্তি বলেন, ‘এখনই সব বলে দিলে তো আপনাদের কাজ সহজ হয়ে যাবে। সোমবারের ম্যাচে কোন একাদশ খেলবে, সেটা নিয়ে আমি এখনো ভাবছি। ম্যাচের আগে সবকিছু জানিয়ে দেয়ার কোনো প্রয়োজন নেই।’



