মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২–১ গোলে হারায়; গোল করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাস। পুরো ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য থাকলেও শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমায় মৌরিতানিয়া।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের র‍্যাঙ্কিং সেরা তিনে; অন্যদিকে ফুটবলের অখ্যাত দেশ মৌরিতানিয়া, র‍্যাঙ্কিংয়ে যারা ঢের পিছিয়ে, ১১৫ তম অবস্থানে। ফলে একপেশে লড়াই প্রত্যাশিতই ছিল।

আর্জেন্টিনা ২-১ মৌরিতানিয়া। স্কোরলাইন দেখে অবশ্য একপেশে মনে হবে না খুব একটা। তবে মাঠের খেলায় চিত্র ছিল ভিন্ন, বিশ্ব চ্যাম্পিয়নদের ছিল একক আধিপত্য।

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় শনিবার ভোরে এনসো ফার্নান্দেস বিশ্ব চ‍্যাম্পিয়নদের এগিয়ে নেয়ার পর ব‍্যবধান বাড়িয়েছেন নিকো পাস। যোগ করা সময়ে ব‍্যবধান কমিয়েছেন জর্ডান লেফোর্ট।

মূলত ম্যাচটা হওয়ার কথা ছিল ইউরো চ‍্যাম্পিয়ন স্পেনে ও কোপা আমেরিকা চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঝে। তবে ইরান-ইসরাইল যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় ম‍্যাচটি বাতিল করে দেয়া হয়।

এরপর তড়িঘড়ি করে প্রতিপক্ষ হিসেবে মৌরিতানিয়াকে বেছে নেয় আর্জেন্টিনা। আফ্রিকান দলটার বিপক্ষে স্বাগতিকরা এগিয়ে যায় সপ্তদশ মিনিটে।

ডান দিক থেকে নাহুয়েল মোলিনার ক্রস হুলিয়ান আলভারেস হয়ে বল পান এনজো ফার্নান্দেস। গতিময় শটে চেলসি মিডফিল্ডার অনায়াসে খুঁজে নেন জাল।

এর ১৫ মিনিট পর বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হন পাজ। নিজে চমৎকার এক ফ্রি কিক করে পেয়ে ২১ বছর বয়সী মিডফিল্ডার পেয়ে যান দেশের জার্সিতে প্রথম গোল।

খানিক বাদে আরেকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পাজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।

প্রথমার্ধের বিরতির পর ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও রদ্রিগো ডি পলের সাথে মেসিকে মাঠে নামান লিওনেল স্কালোনি। মাঠে নেমেই জাদু দেখান মেসি। তবে গোল পাননি। প্রতিপক্ষের গায়ে বল চলে যায় বাইরে।

এরপর আরো বেশ কয়েকটি আক্রমণ করে আর্জেন্টিনা। তবে জালের ঠিকানা তারা খুঁজে নিতে পারেনি। মৌরিতানিয়াও থেমে থাকেনি, আক্রমণ ও পাল্টা আক্রমণে জমিয়ে তুলে ম‍্যাচ।

একদম শেষ সময়ে এসে যার সুফল পায় দলটা। অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্টের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে মৌরিতানিয়া।

ঘরের মাঠে পরের প্রীতি ম্যাচে বুধবার ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।